নিজস্ব প্রতিবেদক
বুধবার (৩০ সেপ্টেম্বর), রাত ৯টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন নেই। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
বুধবার বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, ইতোমধ্যে জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীরা নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন।
অবসর ভাতার জটিলতা নিরসন প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, আগে অবসর ভাতার অর্থ পেতে শিক্ষকদের বছরের পর বছর ঘুরতে হতো। বর্তমান সরকার সেই জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে এবং শিক্ষকরা এখন অর্থ পেতে শুরু করেছেন।
শিক্ষকদের প্রশিক্ষণ ও জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের বিষয়ে সচিবের বক্তব্য
শিক্ষা সচিব জানান, বর্তমান সরকার ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “সরকার ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে। আমরা শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করছি।”
জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
সবার ন্যায়সংগত দাবি পূরণে সরকার কাজ করছে উল্লেখ করে আবদুল খালেক বলেন, “সবার অভাব-অভিযোগ পূরণের জন্য সরকার কাজ শুরু করেছে। আমরা চাইব, শিক্ষকেরা শিক্ষকের মতো আচরণ করবেন। কারণ, শিক্ষকেরা জাতির বিবেক এবং তাঁদের মাধ্যমেই আগামী দিনের প্রজন্ম গড়ে উঠবে।”