শাকিল হোসেন / কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টা ৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ন্যাচারাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে কারখানার বোতল সংরক্ষণাগারে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন।
কারখানার শ্রমিক ও কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাশের নিট এশিয়া কারখানার ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে যোগ দেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ আশপাশের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।