চলতি বছরের বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আগামী ১২ আগস্ট ইউরোপের বিভিন্ন অঞ্চলের আকাশে দৃশ্যমান হবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাজাগতিক এই ঘটনা ঘিরে ইতোমধ্যে আকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নাসা জানিয়েছে, ওই দিন চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেবে। এর ফলে উত্তর আটলান্টিক মহাসাগর ও ইউরোপের কিছু অঞ্চলের ওপর দিয়ে পূর্ণগ্রহণের একটি সরু পথ তৈরি হবে। পূর্ব গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল, স্পেনের উত্তরাঞ্চল এবং পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকা থেকে সূর্য পুরোপুরি আড়াল হতে দেখা যাবে।
তবে ইউরোপের অধিকাংশ অঞ্চল, উত্তর আমেরিকার উত্তরাংশ এবং আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়ার এই অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।
ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞান পরিচালক ক্যারোল মুন্ডেল বলেছেন, পূর্ণ সূর্যগ্রহণ এমন একটি বিরল মুহূর্ত, যখন কোটি কোটি মানুষ একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও কৌতূহল অনুভব করেন।
নাসা আরও জানিয়েছে, পূর্ণগ্রহণপথে থাকা অধিকাংশ এলাকায় সূর্য দুই মিনিটেরও কম সময়ের জন্য সম্পূর্ণ আচ্ছাদিত থাকবে।