নিউজ ডেস্ক
শনিবার (২১ নভেম্বর), ২০২৬ | বিকাল ৩:২৩
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মহাকাশে রহস্যময় আচরণ করছে ১৯৯৮ কেওয়াই২৬ নামের একটি গ্রহাণু। এটি কোনো বাহ্যিক শক্তির সহায়তা ছাড়াই নিজস্ব গতি বাড়িয়ে চলেছে, যা সাধারণ গ্রহাণুর বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গবেষকদের ধারণা, এটি সাধারণ গ্রহাণু নয় বরং একটি ‘ডার্ক কমেট’ বা গাঢ় ধূমকেতু হতে পারে, যা অদৃশ্য গ্যাস নির্গমনের মাধ্যমে ভিন্ন পথে চলছে।
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির মহাকাশ প্রকৌশলী করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশি গ্রহাণুটির পৃষ্ঠ ও অভ্যন্তরের তাপমাত্রার একটি কৃত্রিম মডেল তৈরি করেন। সম্প্রতি ইকারাস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা যায়, ১৯৯৮ কেওয়াই২৬-এ পানি বাষ্পীভবনের হার বরফ ধরে রাখার জন্য অনেক বেশি।
সাধারণত গ্রহাণু পাথরের টুকরা হলেও ধূমকেতুতে বরফ থাকে। সূর্যের চারপাশে ঘোরার সময় বরফ গ্যাসে পরিণত হয়ে ধূমকেতুকে বাড়তি গতি দেয়। তবে ডার্ক কমেটের ক্ষেত্রে ধূমকেতুসুলভ কার্যকলাপ দৃশ্যমান হয় না। এর কোনো লেজ না থাকায় এগুলোকে সাধারণ গ্রহাণুর মতোই দেখায়।
গ্রহাণুটির ঘূর্ণন গতি সম্পর্কে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা জানান, এই ক্ষুদ্র গ্রহাণুটি প্রতি ৫.৩৫ মিনিটে একবার নিজের অক্ষের ওপর ঘুরছে। ধূমকেতুর বরফ টিকে থাকার জন্য তাপমাত্রা ১৪৫ কেলভিনের নিচে থাকা প্রয়োজন। কিন্তু কেওয়াই২৬-এর সর্বনিম্ন তাপমাত্রা ২১২ কেলভিন বা মাইনাস ৬১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় বরফ ২ হাজার বছরের বেশি সময় টিকে থাকা কঠিন।
গবেষকরা জানান, গ্রহাণুটির অদ্ভুত আচরণের পেছনে সূর্যের বিকিরণ চাপও দায়ী হতে পারে। তবে এর সঠিক কারণ নিশ্চিত হতে জাপানের মহাকাশ সংস্থার পাঠানো হায়াবুসা২ মহাকাশযানটি কাজ করছে। ২০৩১ সালের জুলাই মাসে এটি গ্রহাণুটির কাছাকাছি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।