ডেক্স নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা হিসেবে আলোচনায় এসেছে ‘৭ মিনিটের ইনজেকশন’ বা সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি। গবেষকদের দাবি, এই পদ্ধতিতে দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি না থেকেও দ্রুত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রশ নতুন এই চিকিৎসাপদ্ধতি নিয়ে এসেছে, যা ইতোমধ্যে অনুমোদনও পেয়েছে।
ফুসফুস, স্তন ও লিভারসহ বিভিন্ন ধরনের ক্যানসারে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে কেমোথেরাপি ও রেডিওথেরাপির বিকল্প হিসেবে এটি নতুন সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছেন গবেষকরা।
এই চিকিৎসায় ‘অ্যাটেজোলিজুমাব’ নামের একটি ওষুধ নির্দিষ্ট ডোজে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে। গবেষকদের ভাষ্য অনুযায়ী, ওষুধটি ক্যানসার প্রোটিনের বিস্তার ঠেকাতে কাজ করবে এবং শরীরের নিজস্ব রোগপ্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করবে।
ইমিউনোথেরাপির মূল লক্ষ্য হলো শরীরের প্রতিরোধী কোষগুলোকে পুনরায় সক্রিয় করে ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম করে তোলা। এতে কেমোথেরাপি বা রেডিওথেরাপির তুলনায় কম শারীরিক যন্ত্রণা হতে পারে বলেও দাবি করা হয়েছে।
গবেষণায় আরও বলা হয়েছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের শরীরে ‘ইজিএফআর’ ও ‘টিএসজি’ নামে দুটি জিনে রাসায়নিক পরিবর্তন দেখা যায়। নতুন এই ইমিউনোথেরাপি সেই পরিবর্তনের প্রভাব কমাতেও সহায়ক হতে পারে বলে আশা করছেন গবেষকরা।