দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবন এলাকায় দস্যুতা প্রতিরোধ, চোরাচালান দমন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে সমন্বয় সভা আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ নৌবাহিনী, বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, নৌ পুলিশ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ ও নৌ পরিবহন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি সুন্দরবন সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, রিসোর্ট মালিক, লঞ্চ শ্রমিক সংগঠন, মাছ ব্যবসায়ী এবং মাঝি-মাল্লা সমিতির প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় সুন্দরবন এলাকায় জলদস্যুতা দমন কার্যক্রম আরও জোরদার করা, সীমান্তবর্তী নদীপথ দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ও মানব পাচার প্রতিরোধ, পর্যটকবাহী নৌযান ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রিসোর্ট এলাকায় ডাকাতি ও অপহরণের ঝুঁকি কমাতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বহিঃনোঙ্গর এলাকায় ছোটখাটো চুরি ও ডাকাতি প্রতিরোধে ওয়াচম্যান নিয়োগ, মাছ ধরার ট্রলারের আড়ালে চোরাচালান ঠেকানো, সমুদ্রে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকাল কার্যকরভাবে বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌপথে চলাচলরত লাইটার ও কোস্টার জাহাজের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নোঙর অবস্থায় থাকা জাহাজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার, দস্যুতা দমন এবং সকল ধরনের অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।