মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহস্পতিবার (১ অক্টোবর), সকাল ৯টা ১১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ ও আইন অমান্য করায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন আখন্দ এই অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা সদরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বটতলী মোটর স্টেশনে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর ও পরিবেশের বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন আখন্দ বলেন, “জনস্বার্থ রক্ষায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মান বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।”
বটতলী মোটর স্টেশন লোহাগাড়া উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সেবা গ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের বিধিবিধান মানতে বাধ্য করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।