ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার (২০ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতিসহ কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দরের একটি বাল্কহেড ডুবে গেছে ।
বরিশালঃ জেলার মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে রুস্তম আলী হাওলাদার (৭৫) এবং তার পুত্রবধূ জয়নব বিবি (৩৫) মারা গেছেন। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামঃ কাল বৈশাখী ঝড়- বৃষ্টির সময় জেলার ফটিকছড়িতে গাছের ডাল ভেঙ্গে রিনা আক্তার (৪০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর কাঞ্চননগর ঝরঝরি এলাকায় এ ঘটনা ঘটে। রিনা আকতার ওই এলাকার শাহ আলমের স্ত্রী। এসময় চট্টগ্রাম বন্দরের একটি বাল্কহেড ডুবে গেছে কর্ণফুলীতে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ১০টায় বন্দরের চার্লি অ্যাংকারেজে একটি বাল্কহেড ডুবে গেছে। সেখানে পাঁচজন মাঝিমাল্লা ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখীর কবলে পড়ে একটি স্পিডবোটডুবে নিহত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুরঃ জেলার রায়পুরের কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে
মৃত শফি উল্লাহর ছেলে রুহুল আমিন (৬২) নামের এক বৃদ্ধের মারা গেছেন।
মানিকগঞ্জঃ জেলার দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামে কৃষাণী ফিরোজা বেগম (৫৫) জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। নিহত ফিরোজা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফিরোজা বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে নিজ জমিতে সকালে ভুট্টা ক্ষেতে কাজ করতে যায়। এ সময় হঠাৎ ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে সঙ্গে সঙ্গে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। গুরুত্বর অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেয়ার পথেই তার মৃত্যু হয়।