রাজবাড়ী প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজবাড়ীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সাথে প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ ৬ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে তিন নারী, দুই শিশু ও একজন পুরুষ। এসময় আহত হয়েছেন আরও কয়েক জন। বুধবার( ১ জুন) জেলার চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনে সকাল ৯টার দিকে ঘটেছে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাওয়া একটি দ্রুতগামী ট্রাকের সাথে প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের পরিচয় ওইসময় জানা যায়নি।
খবর পেয়ে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন। এছাড়া ৪ জনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আরও ৩ জন মারা গেছেন। হাসপাতালে বাকি একজন ভর্তি রয়েছেন।
দুর্ঘটনায় ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজনের মৃত্যু হয়।
ওসি নাজমুল বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’