ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুনামগঞ্জের তাহিরপুরে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ সামগ্রী ধরতে গিয়ে আহত বিপ্লব মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত বিপ্লব মিয়া উপজেলার উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার জানাান, মঙ্গলবার সকাল পৌনে ১০টায় সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, হেলিকপ্টার থেকে দেওয়া ত্রাণ সামগ্রী সবাই একসঙ্গে ধরতে গেলে ১০-১২ জন আহত হন। আহতদের সবাই উপজেলার সদর ইউনিয়ন উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর এবং ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা।
গত সোমবার বিকেলে বন্যা কবলিত তাহিরপুরে হেলিকপ্টার থেকে বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় শিশুসহ ১০ জন আহত হন। উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ঘটনাটি ঘটে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান জানান, আহতদেরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।