নিজস্ব প্রতিবেদক।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদারীপুর জেলার রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন– ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া গ্রামের নুরু মাতুব্বরের স্ত্রী রওশন আরা (৪০) এবং তাদের মেয়ে আল্লাদি আক্তার (২০)।
স্থানীয়রা জানান, মা ও মেয়ে টেকেরহাট থেকে সকালে একটি ভ্যানে চড়ে মাদারীপুর যাওয়ার সময় ডাইভারসন সড়ক দিয়ে মূল সড়কে উঠতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। এ সময় টেকেরহাট থেকে বরিশালগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, ট্রাকের সামনে ভ্যানটি উল্টে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।