বাঘারপাড়া প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়ায় রাস্তা সংস্কারে ঠিকাদারের কালক্ষেপনের কারনে হাজার হাজার মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে সীমাহীন দূর্ভোগ।
জানা গেছে, যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কন্সট্রাক্সন্স এর কর্ণধর বাদল হোসেন রাস্তাটি পাকাকরনের কাজ পাওয়ার পরে কাজ শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, বাঘারপাড়া উপজেলা থেকে নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের উপর দিয়ে শালিখা উপজেলার সীমাখালীতে যাওয়া একমাত্র রাস্তাটির খানপুর গ্রামের শেষপ্রান্ত থেকে নারিকেলবাড়িয়ার দিকে ১ কিলোমিটারের বেশি রাস্তা প্রায় ৮ মাস আগে খুঁড়ে ইট তুলে ফেলে রাখা হয়েছে । এর ফলে বৃষ্টির পানি জমে কাদা-মাটিতে একাকার হওয়ায় রাস্তাটি যানবাহন দূরের কথা মানুষ হেটেও চলাচল করতে পারছেন না।
গ্রামের এক মসজিদের ইমাম ইলিয়াস আলী জানান, হেরিংবনের রাস্তাটি প্রায় ৮ মাসের অধিক সময় আগে পাঁকাকরনের জন্য ইট তুলে ফেলা হয় । এর পরে গত জুন মাসে রাস্তার মাটি তুলে গর্ত করে রেখে যায়।
একই গ্রামের ইকরাম মোল্যা বলেন, আমার বাড়ি পর্যন্ত রাস্তা খুড়ে রাখার কারনে আমাদের চলাচলে দারুণ সমস্যার সৃষ্টি হয়েছে । ঠিকাদারের এই দীর্ঘ সময় রাস্তা চলাচলের অনুপযোগী করে রাখায় এলাকার সাধারন মানুষসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী -শিক্ষক-কর্মচারীদের পোহাতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ।
এলাকার ইউপি সদস্য সোহাগ খান বলেন, ঠিকাদারের এ আচরনে এলাকার আপমর জনসাধারণের যাতায়াতে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
এব্যাপারে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম কন্সট্রাক্সন্স এর ম্যানেজার আসাদুজ্জামান বিষয়টি স্বিকার করে বলেন, ঠিকাদারের পারিবারিক সমস্যার কারনে কাজ করতে বিলম্ব হয়েছে। তবে দু;এক দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু করবেন বলে উল্লেখ করেন তিনি।
বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, তিনি দ্রুত বিষয়টি সমাধানের পদক্ষেপ নেবেন।