ঢাকাসহ ৬ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস আজ জানিয়েছে, পরবর্তী তিন দিনে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও নেত্রকোনায় ৪০, নিকলিতে ৪৫ ও রাজারহাটে ২২ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানায়।
এদিকে রংপুর, রাজশাহী, পাবনা ও সৈয়দপুর জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ।
আজ শনিবার রাজারহাটে সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।