নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানের বাতিঘর উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষকরা সেই জ্ঞানের আলোর বাহক। তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে হবে।
শনিবার সকালে গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষা হলো মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জহির উদ্দিন স্বপন বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।