নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা রোববার জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
জানাজার শুরুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বক্তব্য দেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের একজন কৃতী সন্তান এবং সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তি। তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব এ এস এম বাহাউদ্দিনসহ জাতীয় সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে দোয়া ও মোনাজাত শেষে জাতীয় সংসদ চত্বরে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১২ জুলাই ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।