নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো শিশু যেন মানুষ, প্রাণী কিংবা পশুপাখির প্রতি নির্দয় হয়ে না ওঠে, সে বিষয়ে শিক্ষকদের বিশেষভাবে নজর দিতে হবে।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরাই শিশুদের মানুষ গড়ার কারিগর। নৈতিকতা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, মানবিক মানুষ তৈরি হলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, তাদের কিছু সীমাবদ্ধতা ও সংকট রয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে সেই জ্ঞান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষাকালে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পদক প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।