নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে এবং দেশে ফিরিয়ে এনেই তাকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকর করা হবে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয়; বরং আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন ও সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনের ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।
সালাহউদ্দিন আহমদ ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বৈরাচারের পরিণতি সম্পর্কে শিক্ষা নিতে পারে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।