নিউজ ডেস্ক
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আরও দুই থেকে তিনটি সভার পর সুপারিশ চূড়ান্ত করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললে আগস্টের প্রথম সপ্তাহেই নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভায় বেতন কমিশনের সুপারিশ এবং আগের বেতনকাঠামোর বিভিন্ন ঘাটতি নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা জানিয়েছেন, নতুন বেতনকাঠামোয় যেন কোনো ভুল বা বৈষম্য না থাকে, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পর্যালোচনা কমিটির সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকরের বিষয়ে সদস্যরা একমত হলেও এটি চূড়ান্ত করার সিদ্ধান্ত মন্ত্রিসভার ওপর ছেড়ে দেওয়া হবে। মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে সব গ্রেডে সমান হারে না বাড়িয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন কমিটির অধিকাংশ সদস্য। বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হয়েছে।
২০২৫ সালের ২৭ জুলাই গঠিত নবম জাতীয় বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। পরে ৮ ফেব্রুয়ারি সরকার সুপারিশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করে। ২০১৫ সালের পর নতুন বেতনকাঠামো ঘোষণা না হওয়ায় অনেক সরকারি চাকরিজীবী বেতন গ্রেডের সর্বোচ্চ ধাপে পৌঁছে বার্ষিক বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি বিবেচনায় নতুন বেতনকাঠামোয় বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ বাড়ানোর বিষয়ও বিবেচনা করা হচ্ছে।
এদিকে নতুন বেতনকাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় বিভিন্ন এসআরওর খসড়া প্রস্তুতের কাজও চলছে। পর্যালোচনা কমিটির সুপারিশ ও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এসব এসআরও জারি করা হবে।