মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বীর চট্টলার কৃতি সন্তান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।
পরিদর্শনকালে অর্থমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের বর্তমান দুর্ভোগ সম্পর্কে অবহিত হন। পরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পানিতে তলিয়ে যাওয়া সড়ক ও যোগাযোগব্যবস্থার পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামোর সংস্কার এবং ভবিষ্যতে বন্যার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট নদীসমূহের প্রয়োজনীয় সংস্কার ও খননের বিষয়েও মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
অর্থমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘব এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তরিক রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এলাকাবাসীও বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।