নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণে একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী কমিটির সদস্যদের দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যেন সর্বজনগ্রাহ্য হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। গণমাধ্যম একটি বহুমতের ক্ষেত্র উল্লেখ করে তিনি বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার সহাবস্থানের ওপরও গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের একটি কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয়। তাই যেকোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নেওয়া উচিত।