নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিপিএসসির সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কমিশনের নীতিগত অনুমোদনক্রমে উত্তীর্ণদের ফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে।
বিপিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। একই সঙ্গে যৌক্তিক কোনো কারণে প্রয়োজন হলে প্রকাশিত ফল সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।
৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ রয়েছে। সবচেয়ে বেশি ৬৫০ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়া হবে।