নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিনের মাথায় আগামী রোববার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়বেন মো. সাহাবুদ্দিন। পরিবারের একটি সূত্র জানিয়েছে, সরকারি বাসভবন ছাড়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠবেন।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতির স্বাক্ষর করা পদত্যাগপত্র তার কাছে জমা দেওয়া হয় এবং তিনি তা গ্রহণ করেন। তিনি বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
স্পিকারের ভাষ্য অনুযায়ী, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।