নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বর্তমানের বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি।
ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি আধুনিক জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়নের কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য একটি রূপরেখা প্রণয়নের কাজ চলছে, যেখানে সংখ্যার পরিবর্তে সক্ষমতা, সম্প্রসারণের পাশাপাশি কার্যকারিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি মেধা, যোগ্যতা, দক্ষতা ও সততার ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের মাধ্যমে পেশাদার নেতৃত্ব গড়ে তোলার ওপরও জোর দেন।
প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা, সীমান্ত অবকাঠামো উন্নয়ন, মাইন অপসারণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় সংকটে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ২০২৫ সালে দক্ষিণ সুদানে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের দর্শন হলো ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’।