নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ভীতি প্রদর্শন ও কঠোর শাসনের পরিবর্তে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করা গেলে আত্মবিশ্বাসী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সারাক্ষণ পড়াশোনা, পরীক্ষা ও ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। তাঁর মতে, খেলাধুলা শিশুদের সৃজনশীল চিন্তা, নেতৃত্বের দক্ষতা, জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা এবং নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায়।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ। তিনি সন্তানকে মানুষ করতে কঠোর শাসনই একমাত্র উপায়—এমন ধারণা থেকে বেরিয়ে এসে ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ‘একটি শিক্ষার্থী একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৪টি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের হাতে পাঁচটি করে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।