নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য চলতি হজ মৌসুমে আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে হজের সার্বিক ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর তা আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানো এবং বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় হ্রাসে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে।
তিনি হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেন। তিনি হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান।