নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে প্রধানমন্ত্রী শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি শ্যামলী অতিক্রম করে।
উপ-প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী রাজধানী ঢাকাকে একটি “ক্লিন সিটি” হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যেই তিনি সিটি কর্পোরেশনের সড়কগুলোর পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করছেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।
প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে মাগরিবের নামাজের সময় প্রধানমন্ত্রী গুলশানের বাসায় ফিরে যান।