নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বর্তমান জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের কার্যক্রমের ওপর নিবদ্ধ। তিনি বলেন, জনগণ চায় সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তি-তর্কের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের প্রত্যাশা পূরণ করুন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ব্যারিস্টার কায়সার কামাল বর্তমান সংসদকে “মজলুমের সংসদ” হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সংসদের প্রায় ৯৯ শতাংশ সদস্য অতীতে গুম, নির্যাতন, জেল-জুলুম, নির্বাসন কিংবা ফাঁসির মঞ্চের অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন, যা এই সংসদকে বিশ্বের ইতিহাসেও ব্যতিক্রমধর্মী করেছে।
ভারপ্রাপ্ত স্পিকার বলেন, সংসদ পরিচালনায় তিনি ন্যায়বিচার ও নিরপেক্ষতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জাতীয় সংসদকে রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন এবং গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে বলেন, সরকার ও বিরোধী দল উভয়েরই সংসদে গঠনমূলক আলোচনা ও সমালোচনার সুযোগ থাকা উচিত, যা রাষ্ট্র ও জনগণের জন্য উপকারী হবে।
সাক্ষাৎকারে ব্যারিস্টার কায়সার কামাল ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে উল্লেখ করেন। তার মতে, ওই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে এবং সেই অভিযাত্রার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ।