নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আওয়ামী লীগ ও শেখ হাসিনা ‘রাজনৈতিকভাবে দাফন’ হয়েছেন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির জন্য বয়ান দিচ্ছেন। এ ক্ষেত্রে ভারতের দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার চলছে। কিছু বিচার শেষ হলেও আরও অনেক বিচার চলমান রয়েছে। তার দাবি, শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য দুঃখ প্রকাশ না করে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ও আইসিটি আদালতের দণ্ডের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন বলেন, এরপরও ভারতে বসে তাকে বিশ্বমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, যা তারা সমর্থন করেন না।
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক হওয়া উচিত।