নিউজ ডেস্ক / ডেস্ক প্রতিবেদক
সোমবার (১৭ আগস্ট ২০২৬), দুপুর ১২টা ১৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজনৈতিক উত্তেজনা ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাষ্ট্র পরিচালনার প্রথম ১৮০ দিনে বিভিন্ন খাতে সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। অর্থনীতিতে স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা এবং বিশ্বপরিসরে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে নেওয়া হয়েছে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিএনপি সরকার গঠনের পর থেকে গত ছয় মাসে নির্বাচনি ইশতেহারের সিংহভাগ বাস্তবায়নের দাবি করেছে সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া এবং মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালু করাকে সরকারের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন বলেন, “দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বোচ্চ জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। গত ছয় মাসে মানবাধিকার ও বাকস্বাধীনতার চর্চায় নাগরিকরা সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করছেন এবং রাষ্ট্র পরিচালনার নীতি হয়েছে সবার আগে বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষককে সুদসহ ঋণ মওকুফ সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড ও বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানি প্রদানসহ নানা জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”
সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থনীতি পুনর্গঠন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জ্বালানি সংকট মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া হয়। সরকারি গুদামে বর্তমানে ২৪ লাখ টনের বেশি খাদ্যশস্যের মজুত রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তাকে শক্তিশালী করেছে।
প্রশাসনিক ব্যয় কমাতে সরকারি অনুষ্ঠানে নেতাদের ছবি টানানোর সংস্কৃতি বন্ধ, ভিআইপি প্রটোকল সীমিতকরণ এবং সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। সরকারি ব্যয় সংকোচন ও ব্যক্তিবন্দনার অবসান ঘটিয়ে জনস্বার্থকে সামনে আনার এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্র পরিচালনায় নতুন ধারার সূচনা করেছে।”
জ্বালানি সংকট প্রসঙ্গে মাহদী আমিন জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পেট্রোনাসের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি চলছে এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা চলমান রয়েছে।