মোঃ মাহাবুল ইসলাম অভি
বৃহস্পতিবার (৫ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৬টা ২৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের গাছা থানা এলাকায় পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে কারখানার স্বাভাবিক উৎপাদনশীল পরিবেশ বজায় রাখতে সতর্ক পাহারা দেন তারা।
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনে শিল্পাঞ্চলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিলেন।
গাজীপুর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান, গাছা থানা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী এম আলিফ এইচ, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ শাকিল হোসেন জয় এবং গাছা মেট্রো থানা ছাত্রদলের ইফতেখার হোসেন রাহাত মোল্লাসহ অন্যান্যরা।
আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি পোশাক শিল্পকে ধ্বংস করতে একটি চক্রান্তকারী গোষ্ঠী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের নেতা গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কারখানার স্বাভাবিক উৎপাদনশীল পরিবেশ বজায় রাখতে আমরা রাজপথে সতর্ক পাহারা অব্যাহত রাখব।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাছা থানা এলাকার বিভিন্ন পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করেন নেতাকর্মীরা। এ সময় তারা শিল্পাঞ্চলে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।