জেলা প্রতিনিধি, মাগুরা
বুধবার (৪ নভেম্বর), রাত ৮টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাগুরায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ২০ লাখ টাকা চুক্তিতে তাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়। বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গত ২১ অক্টোবর সকালে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের একটি কাউন্টারের ভেতর থেকে শাকের হোসেনের (৩৯) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় গুলির চিহ্ন থাকা শাকেরের হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেন।
তদন্তে পুলিশ গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় যাত্রীবাহী বাস থেকে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র খুঁজে পায়। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “ঢাকার তাঁতীবাজার থেকে ঝিনাইদহে নেওয়ার পথে পুলিশ পরিচয়ে ১৪টি স্বর্ণের বার লুট করে ১২-১৫ জনের একটি দল। এই ডাকাতির সঙ্গে শাকেরসহ কয়েকজন জড়িত ছিলেন।”
পুলিশ জানায়, ডাকাতির নেতৃত্বে ছিলেন মারুফ হোসেন। লুট করা স্বর্ণের ভাগ অন্য সদস্যদের না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। শাকের স্বর্ণের ভাগ দাবি করলে মারুফ তাকে প্রথমে ৫ লাখ টাকা দেন। তবে শাকের তাতে সন্তুষ্ট না হয়ে স্বর্ণের বার দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।
শাকেরের অব্যাহত চাপের মুখে মারুফ জেলা স্বেচ্ছাসেবক দলের তৎকালীন আহ্বায়ক গোলাম জাহিদের সঙ্গে যোগাযোগ করেন। শাকেরকে হত্যার জন্য ১১ অক্টোবর সন্ধ্যায় মারুফ গোলাম জাহিদকে ২০ লাখ টাকা দেন। পরদিন ওই টাকা থেকে ১৮ লাখ টাকা যমুনা ব্যাংকে জমা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ২১ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে ভাড়াটে খুনি দিয়ে শাকেরকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ এই ঘটনায় লুট হওয়া ৭১৬.৪৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। স্বর্ণ ডাকাতির মামলায় সাতজন এবং শাকের হত্যা মামলায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোলাম জাহিদ ও মারুফ হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।