এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রাম শহরের জিয়া বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে(দুই ট্রাকের মুখোমুখি )। বালু বোঝাই ট্রাকের চাপায় মরিচবাহী অপর একটি ট্রাকের হেলপার আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। এ সময় বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দিলে চালক জুয়েল (৩৫) গুরুতর আহত হন। পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল আহত চালককে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন বল জানা যায়।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সদর থানার পুলিশ সুত্রে জানা যায়,পাবনা জেলার নগরবাড়ী থেকে আসা একটি ট্রাক থেকে জিয়া বাজারের সামনে মরিচ আনলোড করা হচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন ওই ট্রাকের হেলপার আলম মিয়া। এ সময় বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৫-৮৬৭৭) চিলমারী থেকে নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। এই ট্রাকটি জিয়া বাজার অতিক্রম করার সময় মরিচ আনলোডকারী ট্রাকের হেলপার আলম মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহত আলম মিয়া লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।
এদিকে আলম মিয়াকে চাপা দেওয়ার পর বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে এর সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক জুয়েল মিয়া ভিতরে আটকা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল গিয়ে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি বালুবাহী ট্রাক চালক জুয়েল মিয়া পাবনা জেলার নগরবাড়ী এলাকার দবির হোসেনের ছেলে ।
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, নিহত হেলপার আলম মিয়ার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়াও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।