আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
রবিবার (২ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক সংস্থা হিসেবে কাজ করবে। তিনি নবীন কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলার পাশাপাশি সাধারণ মানুষের বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি নতুন বাস্তবতায় চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সদস্যদের কাজ করতে হবে। ১৮ বছরের দীর্ঘ বঞ্চনা কাটিয়ে আসা এই ব্যাচের কর্মকর্তারা ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করবেন।’
অনুষ্ঠানে মন্ত্রী অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—এই দুই ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।
এছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ এ বি এম মামুন ‘বেস্ট শ্যুটার’ হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।