মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা ২৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রযুক্তিনির্ভর অভিযানে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। যাচাই-বাছাই শেষে উদ্ধার করা ৫১টি মোবাইল ফোন বুধবার মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা পুলিশ সুপারসহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পুলিশের এমন জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা।
জনবান্ধব পুলিশিং কার্যক্রম
রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ পুলিশের জনবান্ধব কার্যক্রমের অংশ। প্রযুক্তিনির্ভর পুলিশিং ও জনসেবায় জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।