ডেস্ক নিউজ।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে শহিদুল ইসলাম নামে এপিবিএনের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে রোহিঙ্গা সন্ত্রাসিরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বালুখালী ক্যাম্প ৭ এর ব্লক ডি-৫ এ এই ঘটনা ঘটে। আহত ওই এপিবিএন সদস্যকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য রিপন বড়ুয়া। তিনি জানান, কুপিয়ে আহত এপিবিএন সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয় সন্ধ্যার পর। অবস্থা আশংকাজনক হওয়ায় রাত ৮টার দিকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
এপিবিএন- ১৪ অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ বলেন, কনস্টেবল শহিদুল ক্যাম্প ৭ এ আসছিলেন। এসময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। এরপরই রোহিঙ্গা দুর্বৃত্তরা তাকে কোপায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান এপিবিএনের অধিনায়ক। সময় নিউজ