ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নতুন আইন ও নতুন নামে একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিগগিরই এ বিষয়ে আইন প্রণয়ন করা হবে এবং সেই আইনের আওতায় এলিট ফোর্স পরিচালিত হবে।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের নিজস্ব কোনো আইন নেই। এতদিন এটি ব্যাটালিয়ন আইনের আওতায় পরিচালিত হয়েছে, যা যথাযথ ছিল না। নতুন আইনে এলিট ফোর্সের কর্তৃত্ব, দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, র্যাবের বর্তমান নাম বহাল থাকবে নাকি নতুন নামে বাহিনী গঠন করা হবে, সেটিও বিবেচনায় রয়েছে। তবে নতুন আইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটি প্রশ্নবিদ্ধ হয়েছিল। তার দাবি, আগের সরকার রাজনৈতিক উদ্দেশ্যে র্যাবকে ব্যবহার করেছিল, যার ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, নতুন এলিট ফোর্স গঠন করা হলে আন্তর্জাতিক মহল বিষয়টি নতুনভাবে বিবেচনা করতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি পেশাদার এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই র্যাবকে যুগোপযোগী ও বিশ্বমানের বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কেরা উপস্থিত ছিলেন।