জেলা প্রতিনিধি
শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।
নিহত চারজন হলেন জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের বাসিন্দা মাকসুদ আলীর স্ত্রী রাশিদা (৭০), তার ছেলে মোস্তফা খন্দকার হোসেন (৫০), পুত্রবধূ মর্জিনা (২৫) ও নাতি মিয়ান (৫)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাত যাত্রী মারা যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।