ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের গণমাধ্যম খাতে বিদ্যমান বৈষম্য ও নৈরাজ্য দূর করতে স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এই কমিশন কার্যকর হলে সাংবাদিক, সরকার ও মালিকপক্ষ—সব পক্ষের জবাবদিহিতা নিশ্চিত হবে।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের কলম যেন ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, তেমনি সরকার বা মালিকপক্ষও যেন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও অপব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পোশাকশ্রমিকদের জন্য শ্রম আইন থাকলেও গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো ও পেনশন সুরক্ষায় কার্যকর বিধিবিধান এখনও গড়ে ওঠেনি। গণমাধ্যমকে সুনির্দিষ্ট আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
ডিআরইউ আয়োজিত ওই অনুষ্ঠানে গ্রুপ বীমা চুক্তির আওতায় প্রয়াত দুই সাংবাদিক নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।