ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) সংবাদমাধ্যমকে এই নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে আট বছর বয়সী রামিসার মস্তকবিহীন ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়েরের পর মূল আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই আদালতে হাজির করা হলে সে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
জবানবন্দিতে আসামি জানায়, মঙ্গলবার সকালে রামিসা ঘর থেকে বের হলে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তাকে ডেকে নিজেদের রুমে নিয়ে যায়। সেখানে বাথরুমে শিশুটিকে ধর্ষণের পর সে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক ওই মুহূর্তে রামিসার মা দরজায় কড়া নাড়লে, ধরা পড়ার ভয়ে সোহেল রানা ধারালো ছুরি দিয়ে শিশুটিকে গলা কেটে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে মাথা ও হাত কেটে আলাদা করা হয় এবং একপর্যায়ে জানালার গ্রিল কেটে ঘাতক পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অপরাধ সংঘটনের আগে আসামি ইয়াবা সেবন করেছিল এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে তাদের কোনো পূর্ব শত্রুতা ছিল না। এদিকে নিহত রামিসার মরদেহ বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।