গফরগাঁও প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুল হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া নদীর পাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাকিবুল হাসান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের বাসিন্দা। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীতে যোগদানের পর প্রশিক্ষণকালীন সময়ে তিনি মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। পরে চাকরিচ্যুত হয়ে বাড়িতে ফিরে আসেন এবং পরিবারের তত্ত্বাবধানে ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, প্রায় তিন থেকে চার মাস আগে তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে এলাকাবাসী জানতেন।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।