নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য। বিতর্কিত এই ডিলার নিয়োগের তালিকা বাতিল করে সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান সংসদ সদস্যরা।
সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল। তিনি অভিযোগ করেন, জেলার ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হয়নি। প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বঞ্চিত করে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে।
যশোরে বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও আমাদের কোনো সুপারিশ আমলে নেওয়া হয়নি। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জেলা বিএনপির দেওয়া তালিকা অনুসারে চূড়ান্ত তালিকা তৈরি করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ডিলার নিয়োগের তালিকায় সততা ও পেশাদারিত্বের মূল্যায়ন করা হয়নি। মাদকসহ আটক ব্যক্তির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এছাড়া সার ও বীজ মনিটরিং কমিটিতে তাঁদের মতামত উপেক্ষা করে এককভাবে বিএনপির লোকজনকে অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলা হয়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিতর্কিত ডিলার নিয়োগের তালিকা বাতিল, অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং সরকারি নীতিমালা অনুসরণ করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীসহ জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।