মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (৫ অক্টোবর) ২০২৬, সকাল ৮টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে বিএনপির সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৪ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী ও ফৌজুল কবির ফজলুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনপ্রত্যাশী সাবেক ছাত্র ও যুবদল নেতা মুসলিম উদ্দীন মিছিলসহকারে অংশ নেন। এছাড়া পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ব্যবসায়ী মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী দলীয় ফরম সংগ্রহ করেন।
দলীয় ফরম সংগ্রহের পর মুসলিম উদ্দীন বলেন, “এটা আমার দীর্ঘ রাজনীতির সম্মান। এটা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের বড় পাওয়া। আমি যেখানে বড় হয়েছি, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর সুযোগ পাব বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “দলের নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি দল আমাকে হতাশ করবে না।”
সভায় অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের দলীয় সমর্থন দেওয়ার বিষয়ে যাচাই-বাছাই কার্যক্রমের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।