নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া জানান, নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর কয়েক দিন ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশনে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও আর্ট কলেজসহ আরও কয়েকটি স্থানে মরদেহ নেওয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া মুস্তাফা মনোয়ার কলকাতা আর্ট কলেজে চারুকলায় পড়াশোনা শেষে শিক্ষকতা, শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন। বাংলাদেশের পাপেট শিল্পের বিকাশ এবং বাংলাদেশ টেলিভিশনের শিশুতোষ অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র পরিকল্পনা ও নির্মাণে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। শিল্প ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে সুলতান স্বর্ণ পদকে ভূষিত হন।
তাঁর মৃত্যুতে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা।