নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে ধাপে ধাপে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের সম্মানি বাড়ানো প্রয়োজন, যাতে তারা অন্য পেশায় যুক্ত হওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের জন্য পুরো সময় ও মেধা ব্যয় করতে পারেন। তিনি বলেন, অতীতে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে যথাযথ মনোযোগ দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী জানান, চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে।
সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, চীন সফরে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কাঁঠাল রপ্তানির মাধ্যমে ভবিষ্যতে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।