নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন ৫০ সদস্যের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জন চলছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিবহন ও কৃষিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখ আসার পাশাপাশি মন্ত্রিসভার আকার বাড়ানোর আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা দেওয়া হয়নি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের পর স্বাস্থ্যমন্ত্রীর এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীকে মূল বিষয়ের বাইরে কথা না বলতে বলেন প্রধানমন্ত্রী। এর পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তনের গুঞ্জন ছড়ায়।
আলোচনায় রয়েছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতকে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে বিএনপির কয়েকজন নেতা, টেকনোক্র্যাট কোটায় কয়েকজন রাজনীতিক এবং জোটের শরিক দলের প্রতিনিধিদের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে, তবে কবে হবে সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। অন্যদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, রদবদল নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা থাকলেও তিনি এ বিষয়ে নিশ্চিত নন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীনও বলেছেন, পরিবর্তন হলে প্রধানমন্ত্রীই দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।