নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬), রাত ৯টা ৪৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরচক্র বাড়িতে ঢুকে দুই তলা বিশিষ্ট ভবনের দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার ভুক্তভোগী আব্দুর কাদের কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী আব্দুর কাদের জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চোরচক্র বাড়িতে প্রবেশ করে। এ সময় দোতলা ও নিচতলার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আলমারিতে রাখা মালামাল লুট করে তারা পালিয়ে যায়। মঙ্গলবার সকাল ৭টার দিকে গৃহপরিচারিকা বাড়িতে এলে চুরির বিষয়টি জানাজানি হয়।
আব্দুর কাদের বলেন, “সোমবার আমি বাড়িতে ছিলাম না এবং আমার ছোট ভাই ঢাকায় ছিল। সকালে গৃহপরিচারিকা বাড়িতে এলে আমার মা দরজা খুলে দেন এবং হঠাৎ মেঝেতে পড়ে যান। আমার ধারণা, চোরচক্র আমার মাকে অচেতন করেছিল। ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং আলমারিতে রাখা গহনা ও টাকা নেই।”
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।