সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি
রবিবার (১৬ আগস্ট), বিকাল ৩টা ৪৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জননিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। রবিবার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পুলিশের জন্য দুটি নতুন ভ্যান হস্তান্তর করেন। জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও দ্রুতগতিতে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, “রায়পুরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, “শুধু পুলিশকে দায়িত্ব দিলেই হবে না, দায়িত্ব পালনের জন্য তাদের প্রয়োজনীয় সক্ষমতাও দিতে হবে। এই দুটি পুলিশ ভ্যান রায়পুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাজকে আরও গতিশীল করবে বলে আমি আশা করি।”
রায়পুরা থানা পুলিশ জানায়, নতুন দুটি ভ্যান যুক্ত হওয়ায় থানার নিয়মিত টহল, জরুরি সেবা, অভিযান ও প্রত্যন্ত এলাকায় পুলিশের দ্রুত যাতায়াতের সক্ষমতা বাড়বে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফরুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, অফিসার ইনচার্জ মজিবর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।