আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
বুধবার (১৯ আগস্ট ২০২৬), দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ সদস্যদের জন্য মনোসামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে আরএমপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব। এতে আরএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, “পুলিশ শুধু আইন ও শৃঙ্খলা রক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ থেকে দায়িত্ব পালন করে না; বরং সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে অনেক সময় প্রচলিত আইনের পাশাপাশি নানাবিধ পারিবারিক ও সামাজিক জটিল সমস্যার সমাধানেও ভূমিকা রাখতে হয়।”
তিনি আরও বলেন, “থানায় সেবা নিতে আসা ব্যক্তিরা অনেক সময় পারিবারিক দ্বন্দ্ব, নির্যাতন ও আর্থিক সংকটের কারণে মানসিক ট্রমার মধ্যে থাকেন। পুলিশ সদস্যরা যদি সেবা প্রত্যাশীদের মনস্তাত্ত্বিক অবস্থা বুঝে সংবেদনশীল আচরণ করেন, তবে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে।”
পুলিশ কমিশনার বলেন, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা নিরন্তর দায়িত্ব পালন করেন এবং তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। ফলে দীর্ঘ কর্মঘণ্টা ও পেশাগত চাপ মোকাবিলায় মনোসামাজিক সহায়তা ও মানসিক সুস্থতা অত্যন্ত জরুরি।
পুলিশ কমিশনার উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের মধ্যে মানসিক চাপ ও হতাশা মোকাবিলায় ইমোশনাল ইন্টেলিজেন্স এবং যথাযথ কাউন্সেলিংয়ের গুরুত্ব অপরিসীম। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নিজেরা যেমন মানসিক চাপ মোকাবিলায় দক্ষ হয়ে উঠবেন, তেমনি সেবা নিতে আসা মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারবেন।