কামরুল ইসলাম, রাঙামাটি
বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০২৬, বিকেল ৪টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটির দুর্গম ছোটহরিণা এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৭০ হাজার ৩০০ টাকা অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আয়োজিত ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। তিনি ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আহারের জন্য আর্থিক অনুদানসহ মোট ১৪টি পরিবারকে এই সহায়তা প্রদান করেন।
সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে ১১টি বাঙালি ও ৩টি উপজাতি পরিবার রয়েছে। অনুদানের আওতায় বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন, সেলাই মেশিন, সোলার প্যানেল এবং দরিদ্র পরিবারের চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।
ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য নদী বেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
স্থানীয়রা জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।