প্রতিনিধি
শনিবার (২৯ আগস্ট) ২০২৬, সকাল ৯টা ২৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর কলাপট্টি এলাকায় জামাতার কুড়ালের কোপে মজিদ মোড়ল (৬৫) নামে এক শ্বশুর নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত জামাতা মোজাম্মেল হোসেন (৩৫) তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
নিহত মজিদ মোড়ল জামালপুর মধ্যপাড়া এলাকার মৃত আলতু মোড়লের ছেলে এবং পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত মোজাম্মেল হোসেন উত্তর জামালপুর সরকারপাড়া এলাকার মৃত নোয়াব আলী সরকারের ছেলে।
নিহতের মেয়ে ও মোজাম্মেলের স্ত্রী শাহানাজ বেগম জানান, শুক্রবার বিকেলে তার বাবা দোকানে বসে ছিলেন। এ সময় মোজাম্মেল সেখানে এসে ট্রলি ব্যাগ থেকে কুড়াল বের করে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। মজিদ মোড়ল মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে মোজাম্মেল ঘটনাস্থল ত্যাগ করেন।
শাহানাজ বেগম বলেন, “মোজাম্মেল নিয়মিত মাদক সেবন করে আমাকে নির্যাতন করত। এ কারণে আমি বাবার বাড়িতে চলে আসি। এরপরও সে আমাকে পথে-ঘাটে উত্ত্যক্ত করত, যা নিয়ে আমার বাবার সঙ্গে তার বিরোধ তৈরি হয়।”
স্থানীয়রা মজিদ মোড়লকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জিয়াউর রহমান বলেন, মজিদ মোড়লকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।